বেলস পার্কে সমাবেশ মঞ্চে তারেক রহমান

সংগৃহীত ছবি
দীর্ঘ দুই দশক পর বরিশালে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন তিনি।
সমাবেশ মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
সমাবেশের একদিন আগেই বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল নগরীতে আসতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই বেলস পার্ক মাঠে জড়ো হতে থাকেনে তারা। অনেকে রাতে সমাবেশ স্থলে অবস্থান করেন। শুভেচ্ছা বিনিময়, স্লোগান, নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সারা রাতই সরগরম ছিল সমাবেশস্থল।
দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।
বুধবার সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। একের পর এক মিছিলে সকালেই প্রায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে নগরীর বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
সবশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান সবশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৫ সালে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন।
বরিশালের জনসভা শেষ করে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে জনসভা শেষে হেলিকপ্টারে ঢাকা ফিরবেন এই বিএনপি নেতা।

