ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ করতে আইজিপির সহযোগিতা চাইল ১১ দল

সংগৃহীত ছবি
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের কর্মসূচি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এ বৈঠকে অংশ নেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এতে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ আরও অনেকে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবিতে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘সারা দেশে চারটি রুটে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে আমরা লিখিতভাবে আইজিপিকে জানিয়েছি। তারা আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। আমরা চারটি রুট, লংমার্চের পথ এবং পথসভার স্পট সম্পর্কে তাদের অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছি।’
গোলাম পরওয়ার জানান, লংমার্চ শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। তার আশা, কর্মসূচি বাস্তবায়নে পাওয়া যাবে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা।




