গণঅভ্যুত্থান বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বললেন, ‘বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল, তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-গণআন্দোলন সফল হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
আজ সোমবার বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ।
বিএনপির জাতীয় স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্থায়ি কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আব্দুস সালাম পিন্টু এমপি, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, মাহমুদা সালামসহ আরও অনেকে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অনেকে ২০২৪ সালের আন্দোলনকে শুধু কয়েকজন ব্যক্তির নামে চালাতে চান। কিন্তু বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে। এ সময় দলটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডন থেকে দেশে ফিরতে পারেননি।’
নিজের সঙ্গে সালাম তালুকদারের একটি স্মৃতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় জামালপুরে একটি জনসভায় যাওয়ার কর্মসূচি ছিল। এর আগের দিন এরশাদ একটি নির্বাচনের ঘোষণা দেন এবং ওই নির্বাচনের বিষয়ে বক্তব্য দিলে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। তখন অনেক নেতা মনে করেছিলেন, জামালপুরের ওই জনসভায় গেলে তাদের গ্রেপ্তার হতে হবে।
সালাম তালুকদারের রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যদি আমাদের প্রিয় মরহুম সালাম তালুকদার বেঁচে থাকতেন, হয়তো আমরা তাকে এ দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে পারতাম।’
অনুষ্ঠানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গণতন্ত্রের জন্য আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের স্মরণ করেন। একই সঙ্গে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের সুখ-শান্তি কামনা করেন







