আগামীর সময়

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

সংগৃহীত ছবি

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে টাকার পরিমাণ এখনো গণনা চলছে। তিনি বলছেন এটা ব্যবসার টাকা।’


নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখ টাকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানার হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। তবে এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’


পুলিশ সুপার বলেন, তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



    শেয়ার করুন: