জনগণের রায়কে আদালতে নিলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের

ফাইল ছবি
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়— তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ সোমবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম।
‘জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না’ বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ।
গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেছেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ অংশ নেন।

