ছাত্রদলে যোগ দিলেন গুলশান থানা ছাত্রশক্তি ও বৈছাআর ৬০ নেতা

সংগৃহীত ছবি
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা–কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ জিয়াদ (আহ্বায়ক, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), সজীব সরদার নিহাল (সদস্যসচিব), মেহেদী হাসান আরাফাত (মুখ্য সংগঠক, ছাত্রশক্তি), মো. সাব্বির আহমেদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), সায়েম দেওয়ান (সহমুখপাত্র), মো. জহিরুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ তামিম ইসলাম (সংগঠক), তামিম মাহমুদ মাশরুর (সংগঠক), রিদওয়ান হোসেন আফনান (সিনিয়র সংগঠক) এবং বিক্রম কুমার অলক (যুগ্ম আহ্বায়ক)।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘নতুনভাবে যুক্ত হওয়া নেতা–কর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি।’

