আগামীর সময়

গণভোটের আইনগত ভিত্তি নেই: মেজর হাফিজ

গণভোটের আইনগত ভিত্তি নেই: মেজর হাফিজ

সংগৃহীত ছবি

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না। কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনো এ ধরনের (গণভোটের) ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।

যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে তার মধ্যে নানাবিধ বিভ্রান্তি রয়েছে বলেও জানান তিনি।

    শেয়ার করুন: