আগামীর চোখ
কোড ল্যাঙ্গুয়েজ কোর্স করাও জরুরি

গ্রাফিকস: আগামীর সময়
প্রিয়
করিম,
আশা করি ভালো আছিস। তোর নিশ্চয়ই জানা আছে, বিদেশে পড়তে যাওয়ার ভূত আমার মাথায় চেপেছে। দিনরাত এক করে আইইএলটিএস পরীক্ষাটাও দিয়ে ফেলেছি। স্কোরটাও মন্দ আসেনি! পাসপোর্ট বানানোটা বাকি ছিল শুধু। জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলাম। সেখানে যে অভিজ্ঞতা অর্জন করলাম— সেখান থেকে একটা পরামর্শ দিতে চাই তোকে। কারণ, তুই আইইএলটিএস কোর্স করছিস বলে শুনেছি। যতটুকু জানি, পাসপোর্টও বানাসনি।
পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিতে গিয়ে দেখি, নিয়ম েমনে পাসপোর্ট বানাতে গেলে এ জন্মে আর বিদেশে পড়তে যেতে পারব না। বাধ্য হয়ে এক দালালের শরণাপন্ন হলাম। মৌখিক চুক্তি মোতাবেক ‘বকশিশ’ হস্তান্তরের পর দালাল সাহেব ফরমের এক কোণে কিছু অদ্ভুত চিহ্ন এঁকে দিলেন। এগুলোর কোনোটা দেখতে জ্যামিতিক ত্রিভুজের মতো, কোনোটা আবার প্রাচীন মিসরীয় হায়ারোগ্লিফিক লিপির মতো! কিছুতেই ভাষা উদ্ধার করতে পারলাম না। আইইএলটিএসের পাশাপাশি এরকম কোড ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করিনি বলে আফসোস হচ্ছিল।
এরপর দালাল সাহেব ইশারায় অফিসের ভেতর একটি ডেস্ক দেখিয়ে দিলেন। সেই ডেস্কে আছেন পাসপোর্ট অফিসের এক কর্মচারী, পাশাপাশি সিনিয়র দালালও তিনি। তিনি আমার কাগজপত্র নিয়ে আরেকটি কোড ল্যাঙ্গুয়েজ এঁকে বললেন, কাজ হয়ে যাবে। আসতে পারেন।
আইইএলটিএসের পাশাপাশি পাসপোর্ট অফিসের দালালদের কোড ল্যাঙ্গুয়েজের ওপরও একটি কোর্স করে নিস
সমস্যা হলো, প্রথম দালালের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট আমি হাতে পাইনি। কোড ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে এরকমটা হতো না। কীভাবে বুঝতে পারলাম? সম্প্রতি জামালপুর পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে এই কোড ল্যাঙ্গুয়েজের রহস্য উন্মোচন করেছে। এরপর আমার ফরমের ওপর থাকা কোড ল্যাঙ্গুয়েজের মর্মোদ্ধার করতে পারলাম। এর অর্থ ছিল— ‘খুব দ্রুত নয়, দেরিতেও নয়, মাঝামাঝি সময়ে দিলে চলবে।’ অর্থাৎ প্রথম দালাল বাকিদের ভাগ না দিয়ে বকশিশের অধিকাংশ টাকা নিজে মেরে দিয়েছে। আমি দিয়েছিলাম দ্রুত খাতে টাকা, সে কৌশলে মাঝামাঝি খাতে নিয়ে গেছে। তিন খাতের তিন রেট ওদের। শুধু কোড ল্যাঙ্গুয়েজ শিখিনি বলে এভাবে প্রতারিত হলাম।
তুই যদি এ সমস্যায় পড়তে না চাস, তবে আইইএলটিএসের পাশাপাশি পাসপোর্ট অফিসের দালালদের কোড ল্যাঙ্গুয়েজের ওপরও একটি কোর্স করে নিস। নইলে আমার মতো বিড়ম্বনায় পড়তে হবে। তা ছাড়া বিদেশে যেতে না পারলে দুজনে মিলে দালালদের এই কোড ল্যাঙ্গুয়েজের একটি কোর্সের ব্যবসাও শুরু করা যাবে! চাকরির যা অভাব...
ইতি
তোর বন্ধু জলিল



