জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির মিডিয়া সেল
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকাল ১০টা ২২ মিনিটের দিকে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, এরপর তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে সই করেন।
পরিদর্শন-বইয়ের মন্তব্যে তিনি লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি— স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।’
তিনি লেখেন, ‘এই পবিত্র জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক, যা চিরকাল দেশপ্রেম ও দেশগঠনে অনুপ্রেরণা জোগাবে।’
‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তাদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।’
তিনি আরও লিখেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব— এই হোক আমাদের অঙ্গীকার।’
সবশেষে তিনি লেখেন, মহান আল্লাহ তায়ালা বীর শহীদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ওপর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বর্ষণ করুন। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ।’
এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময়ে রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সেক্রেটারি মো. সরওয়ার আলম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন।
উৎসবের ভোটে অবধারিত ফল
২১ আগস্ট ২০২৬
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন তিনি পেয়েছিলেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।








