আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

ফাইল ছবি
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন–১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা কোনো জরিমানা ছাড়াই আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৬ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আয়কর রিটার্ন জমার সময়সীমা তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতি বছর আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় থাকে ৩০ নভেম্বর।

