আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার: এইচআরডব্লিউ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। গতকাল বুধবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতির মতো ভয় ও দমন-পীড়নের কিছুটা অবসান হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হাজার হাজার মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করেছে এবং গত মে মাসে আওয়ামী লীগকে 'নিষিদ্ধ' ঘোষণা করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মব ভায়োলেন্স সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইন ও সালিস কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে মব ভায়োলেন্সে কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছেন।
এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছরের শাসনামলে হাসিনা ক্ষমতা কুক্ষিগত করার সাথে সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন। ২০২৪ সালে ক্ষমতা নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। ড. ইউনূসের নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশনও গঠন করা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে খুব কম সংস্কারের বিষয়ে একমত বা বাস্তবায়ন করা গেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বিচারে আটকের ধারাবাহিকতা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও অব্যাহত রয়েছে। বিনা বিচারে আটক রয়েছেন শত শত আওয়ামী লীগ নেতা, সদস্য এবং সমর্থক। নিয়মিতভাবে তাদের জামিন নামঞ্জুর করা হচ্ছে। এদের মধ্যে আছে অভিনেতা, আইনজীবী, গায়ক এবং রাজনৈতিক কর্মী। ভিন্নমত দমনের জন্য ব্যবহৃত কঠোর বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।
জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের হামলা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। শুধুমাত্র ২৬ ও ২৭ জুলাই রংপুর জেলায় হিন্দু সংখ্যালঘুদের অন্তত ১৪টি বাড়িঘর ভাঙচুর করে মব সন্ত্রাসীরা। এ বছর পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত সহিংসতার খবর পাওয়া গেছে।

