দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি
দেশের ১৭টি অঞ্চলে দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
সেইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। রাজধানীতে আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে মিলেছে আভাস।
আজ সকাল ৬টা ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।




