৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নুর-সাকি-টুকুসহ পরিবর্তন যাদের

সংগৃহীত ছবি
আটজন প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দায়িত্ব, দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ববি হাজ্জাজকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প এবং বাস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে সরিয়ে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. রাজিব আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফারজানা শারমীনকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. নুরুল হক নুরকে সমাজকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বে পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদেও। রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে নতুন করে কৃষি মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।

