আগামীর সময়

থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার: বিমানমন্ত্রী

থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার: বিমানমন্ত্রী

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে রোববার এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয় বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।


কবে নাগাদ এটি চালু হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে আফরোজা খানম বলেন, ‛এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দ্দিষ্ট কোনো সময় দেয়া যাবে না।’


থার্ড টার্মিনাল নিয়ে ছিল বেশ কিছু সুপারিশ। ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হওয়ার পরেও কেন তা চালু করা সম্ভব হলো না- সেটি জানতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। 


কেন চালু হচ্ছে না জানতে চাইলে সাংবাদিকদের বিমানমন্ত্রী বলেন, ‛সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’


প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে আরও ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বরে। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।  


২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বেবিচক জানায়, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। শেষ পর্যন্ত তা আর হয়নি। 


    শেয়ার করুন: