রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন। সেখানে উনার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
কবর জিয়ারতের আগে কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে তিনি সাংগঠনিক সভায় যোগ দেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
রাজশাহী, পাবনা ও চাপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে এ সময় বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমান প্রত্যেকটি জেলার খোঁজখবর নেন এবং দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন বলে জানান রুমন।







