মন্ত্রিপরিষদসচিব
নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি, থাকবে ১ হাজার অতিথি

ফাইল ছবি
আগামী তিন-চারদিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ কথা বলেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয়। এই তিন দিন সময় আগামীকাল থেকে শুরু করে ১৬ বা ১৭ পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে।
শপথের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব বলেন, আমাদের প্রস্তুতি আছে, আবার যদি বলা হয়, না আমরা ওই তিন দিন পর হবে সেটারও প্রস্তুতি আছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। দলনেতা মন্ত্রিপরিষদ বিভাগে নাম দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের আহ্বান জানিয়ে চিঠি দেবে। রোজার আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

