ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

সংগৃহীত ছবি
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান ভালো হচ্ছেই না। সবশেষ কয়েকদিন ধরে লাগাতারভাবে শীর্ষ কিংবা দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার বায়ু। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।
সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মান ১৯৭। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ৩৬২। আর ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের কলকাতা, ইরাকের বাগদাদ ও মিয়ানমারের ইয়াঙ্গুন শহর।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল আয়ারল্যান্ডের ডাবলিন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র সাত। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, মালয়েশিয়ার কাচিং ও কানাডার ভ্যানকুয়াবা।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

