চিকিৎসকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপিপন্থী এই চিকিৎসক সংগঠন।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করে ড্যাব।
সংগঠনটি হাসপাতালগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, সিসিটিভি স্থাপন এবং জরুরি বিভাগে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, গত ১৭ আগস্ট রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একদল বহিরাগত অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ড্যাব জানায়, গত ১৫ আগস্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন ও এক ওয়ার্ডবয়কে মারধর করা হয়। এ ছাড়া চলতি বছর কুমিল্লা, রংপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, দিনাজপুর ও সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
ড্যাব নেতারা উল্লেখ করেন, রোগীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে কোনো অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তার সমাধান করতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ তদন্তের জন্য কার্যকর আইনি কাঠামো থাকা প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।
তারা আরও তুলে ধরেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, করোনা মহামারীসহ বিভিন্ন দুর্যোগে চিকিৎসকরা মানুষের পাশে ছিলেন। অথচ বর্তমানে তাদের নিরাপত্তাই হুমকির মুখে পড়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, কোনো চিকিৎসক বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেটি তার অপরাধ এবং এজন্য তিনি শাস্তি পাবেন। সব চিকিৎসককে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে সামনে এনে পুরো চিকিৎসক সমাজকে বিচার করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, ইএনটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






