রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর পরিবেশনা

সংগৃহীত ছবি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে সাংস্কৃতিক পরিবেশনা ‘যে কবি জনতার’ আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ)। রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাদদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে এ আয়োজন করা হয়।
উদীচীর একাংশের সহসভাপতি শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদক আজমীর তারেক চৌধুরীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন; তিনি বাঙালির ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্মকে মানবিকতা, মুক্তবুদ্ধি ও সৌন্দর্যবোধে অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক এবং উদ্বেগজনক।’
‘যে কবি জনতার’ শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ধারণের আহ্বান জানায় উদীচী। একই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অবমাননার প্রতিবাদে শিল্প, সাহিত্য, সংগীত, নাটক ও কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরেন সংগঠনটির শিল্পীরা।




