বর্ষাকে ঘিরে আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

ছবি: আগামীর সময়
বর্ষা ঋতুর সৌন্দর্য ও ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
আজ শনিবার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতশিল্পী অনিল কুমার সাহা এবং তার শিষ্য আলোক কুমার সেন। এছাড়া রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী, গবেষক ও শিক্ষাবিদ ড. চঞ্চল খান।
আইজিসিসি জানায়, সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে শিল্প-সংস্কৃতির মাধ্যমে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ভারতীয় ও বাংলা সাহিত্য-সংগীতের ঐতিহ্যে শ্রাবণ মাস প্রকৃতি, প্রেম ও অনুভূতির এক অনন্য প্রতীক। সেই ঐতিহ্যকে ধারণ করেই বর্ষাভিত্তিক বাংলা ও হিন্দি গানের নির্বাচিত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বর্ষার সৌন্দর্য এবং ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা হয়।




