বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণের আবেদনের পর আদালত এ নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
এই আসনটি চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিন উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ভোটের ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তোলেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। পরে প্রতিকার না পেয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
ওই আবেদনের শুনানি শেষে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতেই জয় পায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম বিজয়ী হন।
অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম জয়ী হন।

