১৭ বছর আগের ধর্ষণ মামলায় ৪ আসামির যাবজ্জীবন

সংগৃহীত ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।
আসামিরা হলেন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. নিজাম ও মনির হোসেন ওরফে সেন্টু। এর মধ্যে সাইফুল ইসলাম পলাতক। তাকে গ্রেপ্তারে জারি হয়েছে পরোয়ানা।
আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) বলেন, ‛প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে। আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।’
মামলায় বলা হয়েছে, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে ময়দার মিলের পাশে নৌকা ঘাটে বেড়াতে যান ওই তরুণী। বান্ধবী চলে যাওয়ার পর তাকে হত্যার হুমকি দিয়ে নৌকায় তুলে নেন আসামিরা। বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে মাঝিকে নদীতে ফেলে দিয়ে তরুণীকে ধর্ষণ করেন তারা।
পরে মেয়েটিকে একটি বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে বাবা-মা, ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ হয়ে থানায় মামলা করেন ওই তরুণী।
পরের বছর ৩১ অক্টোবর কামরাঙ্গীরচর থানার এসআই শফিকুল ইসলাম শিকদার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে শুরু হয় বিচার।

