আদালত চত্বরে মাসুদের ওপর ডিম-মবিল নিক্ষেপ

মানব পাচারের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ড শুনানির জন্য হাজির করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন বিতর্কিত এই কর্মকর্তা।
পুলিশের বেষ্টনীর মধ্যে থাকলেও তাকে লক্ষ্য করে পচা ডিম ও মবিল ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা। নিক্ষেপ করা ডিম মাথার ওপর এবং মবিল মাসুদের শরীরের ওপর পড়ে। তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপর মবিল পড়তে দেখা গেছে। পরবর্তীতে মাসুদ আদালত চত্বর থেকে দ্রুতগতিতে গাড়িতে তোলেন পুলিশ সদস্যরা।
এর আগে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ।
তার আগে রাজধানীর পল্টন থানার এক মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে।
‘মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ ঢাকায় পাঁচ এবং ফেনীতে ছয়টি মামলা রয়েছে। ফেনীর একটি মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল’—জানালেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

