সাবেক প্রধান বিচারপতির জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

ফাইল ছবি
চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার (১৫ মার্চ) বিচারপতি এস এম এমদাদুল হকের চেম্বার আদালতে এ চারটি আবেদন শুনানির জন্য রয়েছে।
এর আগে ৮ মার্চ এসব মামলায় তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী সারা হোসেন ও সাঈদ আহমেদ রাজা এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।
৮ মার্চের পর হাইকোর্ট থেকে আরও একটি মামলায় জামিন পান। তবে নিম্ন আদালতে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় আপাতত মুক্তি মিলছে না।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয় তার বিরুদ্ধে।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন।

