সংসদ ভবনের সামনে ব্যাগে টান ছিনতাইকারীদের, রিকশা থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি
বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন এক নারী স্কুলশিক্ষক। ভোরে গাবতলীতে নেমে নিয়েছিলেন রিকশা, গন্তব্য ফার্মগেট। কিন্তু সংসদ ভবনের সামনে পড়েন ছিনতাইকারীর কবলে। ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে প্রাণ যায় তার।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোসা. রনজিলা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশকে দেওয়া স্বজনদের ভাষ্য অনুযায়ী, ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন ওই শিক্ষক। সেজন্যই বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তিনি। বাস থেকে নেমে রিকশা নেন ওই হাসপাতালে যেতে। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, পারভীন আগেই মারা গেছেন।
হাসপাতালে থাকা পারভীনের স্বজনরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি।
তবে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান আশা করছেন, তারা শিগগিরই ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারবেন।
‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব,’ বলেছেন তিনি।



