রাজধানীতে গাড়ি চাপায় প্রাণ গেল ওয়াসা কর্মীর

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুরে গাড়ি চাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় ঘটে এ দুর্ঘটনা। তবে তাৎক্ষণিক পাওয়ায় যায়নি চাপা দেওয়া গাড়ির কোনো তথ্য।
নিহত মো. শামীম পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের বাসিন্দা। প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন তিনি। সেনপাড়া ও পানির পাম্প এলাকায় ছিল তার কর্মস্থল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির কাফরুল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সাইফুল ইসলাম।







