ঢাকার যেসব এলাকায় আজ বেশি বায়ুদূষণ

প্রতীকী ছবি
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ ঢাকার চারটি এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি রয়েছে।
খুবই অস্বাস্থ্যকর বাতাস রয়েছে বারিধারা পার্ক রোড, উত্তর বাড্ডা, সাগুফতা ও গুলশান লেক পার্ক এলাকায়। আজ পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

