হাজারীবাগে আধুনিক পশু জবাই কার্যক্রম উদ্বোধন

হাজারীবাগ আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এ সময় উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির অব্যাহত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা। সিটি কর্পোরেশনের এই আধুনিক স্থাপনায় লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জন পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ দূষণমুক্ত ও নিরাপদ মাংস পাবেন।
তিনি আরও বলেন, ‘আশা করি, নাগরিকরা বাজার থেকে মাংস কেনার সময় পশুটি কোথায় জবাই করা হয়েছে, তা যাচাই করে নেবেন।’








