বড় একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা আছে: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক। ছবি: ভিডিও থেকে
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে অবস্থান নেওয়া একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ শুক্রবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
শফিকুল ইসলাম খান মিল্টনের ভাষ্য, ‘একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বলেছেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের যে দাবি, সেটা নাকি সরকারের মেনে নেওয়া উচিত। এটা হাস্যকর একটি বক্তব্য। পরে অনুসন্ধানে দেখা গেছে ওই নেতারই ৭০০ অটোরিকশা আছে।’
প্রশাসক বলেন, জনগণের কাছে খোলস বদলিয়ে এভাবে বারবার পার পাওয়া যাবে না। নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিলেন, সরল সোজা মা-বোনদের ভুল বুঝিয়েছিলেন। এখন আর সেই সুযোগটুকু হয়তো আর পাবেন না।
অটোরিকশা চালকদের আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তিনি বলেন, ‘অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সেদিন দেখা গিয়েছে। বাংলাদেশের একজন মানুষও নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। সেদিন কারা ছিল, বড় বড় দাঁড়ি, মাথায় টুপি, তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ইতোমধ্যে বের হয়ে গেছে। আমরা আশা করব, এই জায়গা থেকে আপনারা বের হয়ে আসুন।’
রাজধানীর ফুটপাত সংস্কার ও দখলমুক্ত করার বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে। সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।
মিরপুরবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রতিটি ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার উপযোগী করা হবে।



