আগামীর সময়

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর। আজ বেলা ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৮ গুণ বেশি রয়েছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে উত্তরা বাড্ডার আবদুল্লাহবাগ এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে গুলশান লেকপার্ক, বেচারাম দেউরি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, মিরপুরের দক্ষিণ পল্লবী, সাগুফতা, বারিধারা পার্ক রোড, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা। সবগুলো এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: