দুর্গাপূজা হবে নিশ্ছিদ্র নিরাপত্তায়, বললেন ডিএমপি কমিশনার

ডিএমপি সদর দপ্তরে আজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। ছবি: ডিএমপি
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় একথা বলেন তিনি।
আগামী ১৭ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে, ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
এবারের দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করাকে ‘অগ্নিপরীক্ষা’ আখ্যায়িত করে ডিএমপি কমিশনার বলছিলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ের প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের এই উৎসব আমাদের জন্য অগ্নি পরীক্ষা।’
ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ‘সর্বোচ্চ সতর্ক’ থেকে দায়িত্ত্ব পালন করবে বলে জানান তিনি।
মোসলেহ উদ্দীন বলেন, প্রতিটি পুজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে দায়িত্বরতদের সঙ্গে থাকবে বডিওর্ন ক্যামেরা। পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
এই সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতারাও অংশ নেন।
ডিএমপি কমিশনার পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে বলেন, নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কাছের থানায় যোগাযোগ করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।



