মাহদী আমিনের সঙ্গে বৈঠক
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ইইউ

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় এই বৈঠক। এতে আলোচনা হয় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা।
বৈঠকে ইউরোপের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে ইইউ প্রতিনিধি দল। একই সঙ্গে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান উদ্যোগগুলো তুলে ধরেন মাহদী আমিন। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
ইইউ প্রতিনিধি দলকে তিনি আরও বলেন, সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিতে নেওয়া হয়েছে ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর পরিকল্পনা। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
ইইউ প্রতিনিধি দলে ছিলেন হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল।
মাহদী আমিনের সঙ্গে এসিইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’র (এসিইউ) একটি প্রতিনিধি দল।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উচ্চপর্যায়ের ওই প্রতিনিধি দলটি।
এ দলে ছিলেন এসিইউ’র সেক্রেটারি জেনারেল প্রফেসর কলিন রিওর্ডান, দক্ষিণ এশিয়ায় এসিইউ’র রিজিওনাল এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখরনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট ফারহান হক এবং ডেপুটি ডিরেক্টর (সরকারি লিয়াজোঁ) মো. মশিয়ার রহমান।
এ সময় বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সংযোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের শিক্ষাখাত উন্নয়নে বিএনপি সরকারের নীতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় করে তুলবে সক্ষম এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি নির্মাণে রাখবে কার্যকর ভূমিকা।
বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে প্রতিনিধি দল। কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।




