রাজউকের নির্দেশনা
গ্রাহকের আবেদনের অগ্রগতি ৩০ দিনের মধ্যে জানাতে হবে

সংগৃহীত ছবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এখন থেকে যেকোনো আবেদনের কাজের অগ্রগতি সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে।
রবিবার (২২ মার্চ) রাজউক সূত্রে এই তথ্য জানা গেছে। সম্প্রতি রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহেছানুল মামুন স্বাক্ষরিত অফিস আদেশে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, রাজউকের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো সেবাগ্রহীতা রাজউকে কোনো সেবার জন্য আবেদন দাখিল করলে সংশ্লিষ্ট বিভাগকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে সেই কাজের বর্তমান অবস্থা বা অগ্রগতি সম্পর্কে আবেদনকারীকে অবহিত করতে হবে। এই তথ্য অবশ্যই লিখিতভাবে জানাতে হবে।

