আগামীর সময়

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

প্রতীকী ছবি

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বরাবরের মতোই বায়ুদূষণের শীর্ষ দুই শহর ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৯ গুণ বেশি রয়েছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের সাগুফতা, পুরান ঢাকার বেচারাম দেউরি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, দক্ষিণ পল্লবী ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা। এসব এলাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: