শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে

ছবি: আগামীর সময়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে লাগা আগুন মাত্র ১৪ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন মালামাল সংরক্ষণ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও ধোঁয়া আছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হবে।’
আগুনের খবর পেয়ে প্রথমে এয়ারপোর্ট ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে উত্তরার আরও দুটি ইউনিট যোগ দেয়। অতিরিক্ত কয়েকটি ইউনিটও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সেগুলো পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরও জানান, ‘আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপরেও তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় বিমানবন্দরের কার্গো কার্যক্রম নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় কিছু সময়ের জন্য উড়োজাহাজ চলাচলও বন্ধ ছিল।
সে সময় আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন। একই এলাকায় আবারও আগুন লাগার ঘটনায় কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি প্রতিরোধ সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




