শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসের হেলপার আহত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কদমতলীর শ্যামপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে মানিক মিয়া (৪৮) নামে এক বাসের হেলপার আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৭ হাজার টাকা ও একটি ব্যবহৃত মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শ্যামপুর বউবাজার ফুটওভারব্রিজের নিচে ঘটে এ ঘটনা।
আহতের ছোট ভাই রতন মিয়া জানান, তার ভাই হেঁটে সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করেন। একপর্যায়ে তারা মানিকের পিঠে ছুরি মেরে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
পরে আহত অবস্থায় মানিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
মানিকের বাবার নাম ওলিউদ্দিন। তাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে। বর্তমানে শ্যামপুরের বউবাজার বাগিচা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি।




