মোহাম্মদপুরে গুলিতে বাবা আহত, ছেলেকে ছুরি দিয়ে আঘাত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় চাঁদাবাজির বিরোধের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে গুলি করে এবং তার ছেলেকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বসিলা কাঁটাসুর নতুন সেতুর নিচে ঘটে এ ঘটনা।
আহত ব্যক্তিরা হলেন কাঁচামাল ব্যবসায়ী মো. সমন আলী (৪৫) ও তার ছেলে মো. ফাহিম আলী (২৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত সমন আলীর ছেলে সাব্বির ও ফাহিমের ভাষ্য, ঘটনার সময় সমন আলী দোকানে মালামাল বিক্রি করছিলেন। সাব্বির বাসা থেকে খাবার খেয়ে দোকানে যাওয়ার পরপরই স্থানীয় মুন্না, রাব্বি ও ইয়ামিনসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাদের ওপর হামলা চালান। এ সময় সমন আলীর ডান পায়ে গুলি করা হয় এবং ফাহিমকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করা হয়।
ফাহিমের অভিযোগ, এর আগে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দোকান থেকে চাঁদা নিতেন। বর্তমানে চাঁদা দেওয়া বন্ধ থাকায় এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা।
ফাহিম আরও জানান, গত মাসে তার মামা ফরহাদকে একটি সেলুনে ঢুকে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা সমন আলী থানা-পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। এ কারণেও হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আহতদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরের রাজাবাড়ি দিঘীরপাড় গ্রামে। তারা বর্তমানে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের বসিলা এলাকায় থাকেন।




