কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
কেরানীগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের আর্শীনগরের ‘রাজ’ নামের একটি সেলুনে চুল কাটার সময় তার ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। পরিবারের দাবি, ফুটপাতে ব্যবসার চাঁদা দিতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়।
নিহতের নাম ফরহাদ হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল সাড়ে চারটায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফরহাদ কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার দোলারহাট উপজেলার নুরাবাদ গ্রামে, বাবার নাম ফারুক হোসেন।
নিহতের স্বজন ও সঙ্গীদের সূত্র জানায়, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সম্প্রতি সেখানকার ‘এলেক্স গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এককালীন ৫০ হাজার টাকা এবং দৈনিক নির্দিষ্ট অঙ্কের চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। ফরহাদ চাঁদা দিতে স্পষ্ট না করে দিলে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
নিহতের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আখতার হোসেন জানান, দুপুরে বাসার অদূরে একটি সেলুনে চুল কাটতে যান ফরহাদ। আনুমানিক দুপুর একটার দিকে সোহেল, কাল্লু, সাব্বির ও আরমানের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল সেখানে ঢুকে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।



