আগামীর সময়

আজ ঢাকায় বাতাসের মান সবচেয়ে খারাপ মাদানি সরণি এলাকায়

আজ ঢাকায় বাতাসের মান সবচেয়ে খারাপ মাদানি সরণি এলাকায়

প্রতীকী ছবি

বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পাকিস্তানের লাহোরে। শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি। চতুর্থ স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২২ গুণ বেশি রয়েছে।

আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২০৭) ও পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২০৫) এলাকায়। এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের সাগুফতা (১৯১), দক্ষিণ পল্লবী (১৮৯), উত্তরা বাড্ডা (১৮৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৫), বারিধারার পার্ক রোড (১৭২) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬৭)। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: