আইসিএমএবি-তেম্পেত সমঝোতা স্মারক
আমিরাত-সৌদিতে অ্যাকাউন্টিং পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আশা

চুৃক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিএমএবি ও দ্য তেম্পেতের কর্মকর্তারা।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর শ্রমবাজারে বাংলাদেশি হিসাবরক্ষণ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যৌথভাবে কাজ করবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও বৈশ্বিক হিসাবরক্ষণ আউটসোর্সিং এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি পরামর্শক প্রতিষ্ঠান দ্য তেম্পেত।
এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে আইসিএমএবির সদস্য, অ্যাফিলিয়েট ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মজীবনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারকে সই করেন আইসিএমএবির সভাপতি মো. কাওসার আলম এবং দ্য তেম্পেতের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহসেনা খানম।
চুক্তি স্বাক্ষরকারীরা জানিয়েছে, এই সহযোগিতার আওতায় পেশাগত শিক্ষা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয় আনতে কর্মজীবন পরামর্শ, বাজারভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নিয়োগ-সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে কর ব্যবস্থা, মূল্য সংযোজন কর, অর্থ পাচার প্রতিরোধ, নিয়মানুবর্তিতা, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদনবিষয়ক কর্মশালা, ওয়েবিনার এবং দেশভিত্তিক প্রশিক্ষণ কোর্স। পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারের প্রস্তুতি, পেশাগত যোগাযোগ এবং আঞ্চলিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
আইসিএমএবির সভাপতি কাওসার আলম বলেন, আন্তর্জাতিক কর্মজীবনের জন্য সদস্য ও শিক্ষার্থীদের প্রস্তুত করতে কারিগরি দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা জরুরি। এই সহযোগিতা উপসাগরীয় অঞ্চলে পেশাগত সুযোগ গ্রহণে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
মোহসেনা খানম বলেন, ব্যবহারিক প্রশিক্ষণ, স্থানীয় বাজার সম্পর্কে ধারণা এবং পেশাগত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের হিসাবরক্ষণ পেশাজীবীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে আইসিএমএবির সহসভাপতি আবদুল মতিন পাটোয়ারী ও এস এম জহির উদ্দিন হায়দার, নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক মঞ্জুর মো. শাইফুল আজম উপস্থিত ছিলেন।
দ্য তেম্পেতের পক্ষে ছিলেন পরিচালক ও প্রধান কৌশল কর্মকর্তা হানিয়াম মারিয়া চৌধুরী এবং অপারেশনস ম্যানেজার আরিফুর রহমান।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে প্রতিষ্ঠিত দ্য তেম্পেত সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, এস্তোনিয়া, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। ২৪টিরও বেশি খাতের গ্রাহকদের তারা হিসাবরক্ষণ আউটসোর্সিং, কর ও মূসক পরামর্শ, অর্থ পাচার প্রতিরোধ নিয়মানুবর্তিতা, মানবসম্পদ ও বেতন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।



