ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, হাসপাতালে জাবেরসহ কয়েকজন

সংগৃহীত ছবি
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়। এর বাইরে আরো ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার বিকাল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। তার পাল্টায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।
এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

