আগামীর সময়

মে থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: পরিবেশমন্ত্রী

মে থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: পরিবেশমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার গঠনের পরই নির্বাচনী ইশতেহার দৃশ্যমান করতে যাচ্ছে বিএনপি। আগামী মে মাস থেকে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।


তিনি বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি করে মোট ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে থাকা চারা ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন হলে বেসরকারি নার্সারি থেকেও চারা সংগ্রহ করা হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম মে মাসের মধ্যে শুরু করতে হবে, কারণ জুলাইয়ের পর রোপণের উপযুক্ত সময় থাকে না। চলতি বছরে পাঁচ কোটি চারা পুরোপুরি প্রস্তুত না থাকলেও আগামী বছর তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গাছ লাগানোর স্থান সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, চরাঞ্চল, নদীর দুই তীর ও বাঁধ, সড়কের পাশ, পার্বত্য অঞ্চল, ম্যানগ্রোভ এলাকা ও লবণাক্ত অঞ্চল। এমন ৭ থেকে ৮টি অগ্রাধিকারভিত্তিক এলাকায় বৃক্ষরোপণ করা হবে।

    শেয়ার করুন: