পররাষ্ট্রমন্ত্রীর সফর
মালদ্বীপের সঙ্গে ৭ খাতে সহযোগিতায় মতৈক্য

মালেতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের বৈঠক
অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি এবং সামুদ্রিক সংযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
আজ রবিবার মালেতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ মতৈক্য হয়।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সংযোগ সহজতর করার জন্য একটি সরাসরি নৌ-যোগাযোগ স্থাপন নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে জনগণের সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বরোপ করেন ড. খলিলুর রহমান।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।





