দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। এ নির্বাচনী পরিবেশ আপনারাই তৈরি করেছেন। সুষ্ঠু নির্বাচনের যে ধারা দেশে চালু হয়েছে, তা অব্যাহত রাখতে আপনাদের সচেষ্ট থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব তেমনি কমিশনকে সহায়তা করা পুলিশেরও আইনি দায়িত্ব, যোগ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা অধিকাংশই তা পুনরুদ্ধার করতে পেরেছি। স্থানীয় সরকার নির্বাচন যাতে একই মাপকাঠিতে সম্পন্ন হয় পুলিশকে সেই চেষ্টা করতে হবে।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেছেন, নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন অনুযায়ী নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেছেন, বর্তমান সময়ে নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যাতথ্য ও অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় আমাদের সচেষ্ট থাকতে হবে।
পুলিশ প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা এবং পুলিশের সব পর্যায়ের সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সমন্বয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন একটি শান্তিপূর্ণ ও নিরাপদে নিশ্চিত করতে সক্ষম হব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত রোডম্যাপ এবং একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আগামী ১৬ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে। পুলিশের কনস্টেবল থেকে তদুর্ধ্ব পর্যায়ের প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।






