‘বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক-মৎস্যজীবী নেবে ওমান’

সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বললেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সরকারের কথা হয়েছে। ওমানের একটা প্রতিনিধি এসেছিল। ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী, সব মিলিয়ে ১০ হাজার শ্রমিক নেওয়ার কথা বলেছে। এ নিয়ে একটা চুক্তি সই হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ওমানের একটা প্রতিনিধিদল আগামী মাসে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এগুলো চূড়ান্ত হবে।
ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে শামা ওবায়েদ বললেন, ওমানের ভিসা বিভিন্ন কারণে বন্ধ আছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদেশিরা রেগুলার যেতে পারে।
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্পর্কে তিনি বললেন, বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন সেখানে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
এর আগে গত মঙ্গলবার ইতালিতে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। তার ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।





