যাত্রীবেশে বাসে পরিবহনমন্ত্রী, ভাংতি না পেয়ে নামিয়ে দিল কন্ডাক্টর

যাত্রীবেশে বাসে কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ছবি: ইন্ডিয়া টুডে
আকস্মিক পরিদর্শনে যাত্রীবেশে বেঙ্গালুরুর সরকারি বাসে ওঠেন ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। টিকিট কাটতে ১০০ রুপির নোট দেওয়ার পর ভাংতি না থাকায় তাকে বাস থেকে নেমে যেতে বলে কন্ডাক্টর। এভাবেই সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হলেন মন্ত্রী।
শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টির বেশি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) বাসে ছদ্মবেশে ভ্রমণ করেন তিনি। এ সময় সরেজমিনে যাচাই করেন যাত্রীদের অভিযোগের সত্যতা এবং প্রত্যক্ষ করেন পরিবহনসেবার নানা অসংগতি।
পরিদর্শনের সময় ধরা পড়ে গুরুতর অনিয়মও। ফান ওয়ার্ল্ড বাসস্টপে এক যাত্রী নামার সংকেত দেওয়ার পরও একটি বিএমটিসি বাস না থামানোর অভিযোগ ওঠে। ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন সুরেশ।
নাগশেট্টিহল্লিতে বাস থেকে নামার পর এক অটোরিকশাচালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বিরোধও মীমাংসা করেন তিনি। অভিযোগ ছিল, মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও যাত্রীর কাছে ৩৬ রুপি দাবি করেছিলেন চালক।
এই আকস্মিক পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সুরেশ বলেন, পরিবহনসেবায় জবাবদিহি নিশ্চিত করা, কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা আরও উন্নত করতে বেঙ্গালুরুজুড়ে অব্যাহত থাকবে এ ধরনের অভিযান।




