আগামীর সময়

হঠাৎ অতিথি আসছে, ঝটপট ঘর সাজাবেন যেভাবে

হঠাৎ অতিথি আসছে, ঝটপট ঘর সাজাবেন যেভাবে

সংগৃহীত ছবি

হঠাৎ খবর এলো, অতিথি আসছেন। সময় খুব বেশি নেই, ঘরও অনেকটাই অগোছালো। এমন পরিস্থিতি প্রায় সবার জীবনেই আসে। তখন নতুন কিছু কেনা বা বড়সড় পরিবর্তনের সুযোগ থাকে না। প্রয়োজন হয় দ্রুত, বুদ্ধিদীপ্ত আর চোখে আরাম লাগে এমন কিছু সাজানোর কৌশল। সামান্য গোছানো আর কয়েকটি ছোট পরিবর্তনেই ঘর হয়ে উঠতে পারে পরিচ্ছন্ন, উষ্ণ ও অতিথিবান্ধব।

অগোছালো জিনিস সরান
ঘর সাজানোর সবচেয়ে সহজ উপায় হলো অপ্রয়োজনীয় জিনিস চোখের সামনে থেকে সরিয়ে ফেলা।
টেবিল, সোফা বা বিছানার ওপর ছড়ানো কাপড় সরিয়ে ফেলুন।
দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো জিনিস একটি ঝুড়ি বা বাক্সে রাখুন।
সংবাদপত্র, চার্জার, প্রসাধনী এক জায়গায় গুছিয়ে রাখুন।
ঘর পরিষ্কার দেখানোর অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যায়।

বসার ঘর আগে সাজান
অতিথি সাধারণত বসার ঘরেই সময় কাটান। তাই এই অংশটি আগে গুছিয়ে ফেলুন।
কুশনের কভার ঠিক করে দিন। সোফার ওপর হালকা একটি চাদর বা শাল বিছিয়ে দিন
চেয়ারগুলো সমানভাবে সাজান। রঙ মিলিয়ে সাজালে ঘর আরও পরিপাটি দেখায়।

সুগন্ধ ছড়ান
ঘরের পরিবেশ শুধু চোখে নয়, ঘ্রাণেও অনুভূত হয়।
জানালা খুলে কিছুক্ষণ বাতাস চলাচল হতে দিন।
হালকা সুগন্ধি বা আতর ব্যবহার করতে পারেন কিংবা লেবুর খোসা বা ফুল পানিভরা বাটিতে রাখলেও ঘরে সতেজ ভাব আসে। তবে তীব্র সুগন্ধ ব্যবহার না করাই ভালো।

আলো বদলে পরিবেশ বদল
আলো ঘরের আবহ তৈরি করে। খুব উজ্জ্বল আলো বন্ধ করে নরম আলো জ্বালান। টেবিল ল্যাম্প বা কোনের আলো ব্যবহার করুন। সন্ধ্যায় পর্দা টেনে উষ্ণ আলো রাখলে ঘর আরামদায়ক লাগে।

ছোট সাজসজ্জায় বড় পরিবর্তন
সময় কম থাকলে ছোট পরিবর্তনই সবচেয়ে কার্যকর।
সেন্টার টেবিলে ফুল বা সবুজ পাতা রাখুন।
বই বা ম্যাগাজিন সুন্দরভাবে সাজান।
ট্রেতে কাপ বা শোপিস গুছিয়ে রাখুন
অল্প সাজও পরিকল্পিত হলে চোখে লাগে সুন্দর।

খাবার ঘর
অতিথি এলে খাবারের জায়গা পরিষ্কার থাকা জরুরি। টেবিল মুছে পরিষ্কার টেবিলম্যাট ব্যবহার করুন। পানির জগ ও গ্লাস আগে থেকেই সাজিয়ে রাখুন। ফল বা হালকা নাশতা ট্রেতে রাখলে আতিথেয়তার অনুভূতি বাড়ে।

প্রবেশপথ পরিষ্কার রাখুন
ঘরে ঢোকার প্রথম দৃশ্যই অতিথির মনে ওই বাড়ি সম্পর্কে একধরনের ছবি তৈরি হয়ে যায়। এজন্য দরজার সামনে জুতাগুলো গুছিয়ে রাখুন। দরজার হাতল ও কলিংবেল পরিষ্কার করুন। ছোট গাছ বা ডোরম্যাট থাকলে প্রবেশপথ প্রাণবন্ত লাগে।

দ্রুত পরিষ্কার করার সহজ কৌশল
সময় কম হলে পুরো ঘর পরিষ্কার করার দরকার নেই। যেখানে চোখ বেশি যায় শুধু সেই জায়গা মুছুন
আয়না ও কাচ পরিষ্কার করুন।
মেঝেতে দ্রুত ঝাড়ু দিন বা মুছে নিন। কেননা পরিষ্কার প্রতিফলন ঘরকে আরও উজ্জ্বল দেখায়।

ব্যক্তিগত স্পর্শ যোগ করুন
ঘরকে প্রাণবন্ত করে মানুষের উপস্থিতির ছাপ। পরিবারের ছবি ঠিকভাবে সাজান। হাতে বানানো কোনো সাজসজ্জা সামনে রাখুন। ভাঁজ করা কম্বল বা কুশন আরামদায়ক অনুভূতি দেয়, ফলে অল্প সময়েও ফুটে ওঠে যত্নের ছাপ।

অতিথি আপ্যায়নের সৌন্দর্য
আয়োজনের মধ্যে নয়, বরং পরিচ্ছন্নতা, স্বস্তি আর আন্তরিক পরিবেশে। পরিকল্পনা করে কয়েকটি ছোট পরিবর্তন আনলেই ঘর হয়ে ওঠে স্বাগত জানানোর মতো নান্দনিক একটি জায়গা।

    শেয়ার করুন: