বাংলাদেশে চ্যাটজিপিটি নিষিদ্ধ করেননি শিক্ষামন্ত্রী

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বাংলাদেশে ‘চ্যাটজিপিটি’ নিষিদ্ধ করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। বাংলাদেশে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়নি এবং শিক্ষামন্ত্রীও এ ধরনের কোনো নির্দেশনা দেননি।
অনুসন্ধানের শুরুতে ওপেনএআইয়ের প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি ব্যবহার করে দেখা হলে প্ল্যাটফর্মটি স্বাভাবিকভাবেই সচল অবস্থায় পাওয়া যায়।
এছাড়া, আলোচিত দাবিসংবলিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও দেশীয় মূলধারার কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
শিক্ষামন্ত্রীর মিডিয়া সেল ও ফেসবুক পেজেও এ ধরনের কোনো নির্দেশনার তথ্য মেলেনি।
বিষয়টি নিশ্চিত হতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, “বিষয়টি সম্পূর্ণ গুজব। মিলন স্যার এমন কোনো পদক্ষেপ নেননি।”
অতএব, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই শিক্ষামন্ত্রীর নামে চ্যাটজিপিটি নিষিদ্ধের ভুয়া দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, শিক্ষামন্ত্রীর নির্দেশে বাংলাদেশে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়েছে-এই দাবিটি মিথ্যা।

