বিএনপির সংঘর্ষের ভিডিও ছাত্রলীগ নেতার নামে প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ হোসেন বিল্লালকে নির্মম নির্যাতন ও বিনা মামলায় আটকের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের নির্বাচনি কার্যালয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আটক হওয়া উলাদ হোসেন নামের এক ব্যক্তির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তর-এর ওয়েবসাইটে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সেদিন দুপুরে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনি কার্যালয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উলাদ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। তাকে চুল ধরে থানায় নেওয়ার দৃশ্যই ভিডিওটিতে দেখা যায়। এছাড়া ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও যাচাইয়ে দেখা যায়, একই ভিডিওটি ২৭ ফেব্রুয়ারি ‘Voice of Joy’ নামের একটি ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছিল। সেখানকার বিবরণ থেকেও একই ঘটনার তথ্য পাওয়া যায়।
সুতরাং, ভাইরাল ভিডিওটি ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগ নেতা আরিফ হোসেন বিল্লালকে নির্যাতনের ঘটনা নয়; বরং ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক হওয়া এক ব্যক্তির পুরোনো ভিডিওকে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।

