ইফতারে বিষক্রিয়ার দাবি ভুয়া, ভিডিওটি ডেমরার রুকইয়াহর

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় দেখা যায়। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, ইফতারে পরিবেশিত বেগুনিতে বিষাক্ত উপাদান থাকায় তা খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইফতার বা কোনো বিষক্রিয়ার ঘটনার নয়। ভিডিওটি মূলত গত জানুয়ারি মাসে ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় ইসলামিক চিকিৎসা পদ্ধতি ‘রুকইয়াহ’ করার সময় ধারণ করা হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে Rajshahi Ruqyah & Hijama Centre নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৯ ফেব্রুয়ারি একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ও বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, এটি মাদ্রাসার ছাত্রদের রুকইয়াহ করার মুহূর্তের ভিডিও। পোস্টটির কোথাও ইফতার করে অসুস্থ হওয়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় গত ৩০ জানুয়ারি একই স্থান থেকে সরাসরি সম্প্রচার করা আরেকটি ভিডিওও পাওয়া যায়। এতে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি রমজানের আগের ঘটনার এবং এর সঙ্গে ইফতার বা খাদ্যজনিত অসুস্থতার কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট Rajshahi Ruqyah & Hijama Centre কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ইফতার করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার দাবিটি সম্পূর্ণ ভুয়া। এটি মূলত রুকইয়াহ সংক্রান্ত ভিডিও এবং জানুয়ারি মাসে ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, রুকইয়াহ (Ruqyah) হলো ইসলামি শরিয়ত অনুযায়ী কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং আল্লাহর নাম ব্যবহার করে ঝাড়ফুঁক বা চিকিৎসার একটি পদ্ধতি। সাধারণত জাদু, জিন বা বদনজর থেকে মুক্তির উদ্দেশ্যে এটি করা হয়।
সুতরাং, রুকইয়াহ করার একটি ভিডিওকে ইফতারের বেগুনিতে বিষক্রিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে- এমন দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

